Labels

Showing posts with label Poems. Show all posts
Showing posts with label Poems. Show all posts

Tuesday, March 29, 2016

অহিংসুক

রোজ একটু একটু করে মস্তিষ্কে
নিজের অর্জিত রক্ত ফুরাচ্ছি
নিজেই নিজের এ ধ্বংস দেখে
একটুও হিংসে হচ্ছে না
ভাল কবি না হলে
কেউ কারও হিংসে করে না!

Tuesday, February 23, 2016

নোরা

ভিষন রাত, নোরা
এখনো অনুভব করি
তোমার এক কাপ উষ্ণতা
জামার বোতামে আদর কাটা
তোমার ছোট ছোট হাসি
চুপচাপ বেছে নেওয়া
তোমার বৈকালিক ক্ষুদ্র শান্তনা।

অনুভবের আশপাশে এখন-
মানচিত্রের মত দুরত্ব তোমার
ট্যারোন্টোলা নাচ শেষে
একটু কাছে আসবে?
এখন ভিষন রাত, নোরা!

অজানা আগামী

একদিন আমার পেছনে অনেক মানুষ থাকবে
 একদিন আমার পেছনে অনেক কান্না থাকবে
একদিন আমার পেছনে অনেক শান্তনা থাকবে
একদিন আমার পেছনে অনেক না ফেরা থাকবে
একদিন অজানা অনেক আগামী  থাকবে। শুধু-
সেদিন আমার পিছনে কোন আগামী থাকবে না!

আস্তাবল

এখনো আস্তাবল অপেক্ষা করে-
ঘুমের দরজা, দূরের ঘোড়া
পরিচিত রাস্তায় আততায়ীর আঘাত
বহুদুরে থেকে যায় আমার শুভাকাঙ্ক্ষী ।

মিছিলে মিছিলে যুদ্ধের শ্লোগান
হেক্টর বনাম মহাবীর রুস্তম
বার্তাবাহী সৈন্য শত্রুর সম্মুখীন
কে বিজয়ী শ্বাসরুদ্ধকর পরিস্থিতি?

বহুবছর পর-
কালো ঘোড়ার খুরের শব্দে
আস্তাবল গুলো চেয়ে থাকে
পড়ে রয় মাটি চাপা পড়ে
আমার মতই শুন্যতা বুকে নিয়ে!

Thursday, October 8, 2015

দুখি পৃথিবী

নির্বিকার, মেয়েলী কান্না যখন কেউ কাঁদে
বালিশের বুকে সব কষ্ট মেলে বারবার 
রাতের আঁধার গিলে কেউ প্রেমিকার খোঁজে
কেউ বা প্রেমিকের খোঁজে-
আর্তনাদ আর আর্তনাদ! 
সুবিশাল ছাদের নিচে দাঁড়িয়ে ভাবি
পৃথিবী তুমি বড় দুখি!

সফল ব্যবসায়ী

চলে যাইনি এখনো নিরব ঢাকা
আমার শহরাঞ্চলীয় অফিস
স্কুল, কলেজ, বাসা বাড়ি
নিদারুণ ব্যবসাসফল!

অলীক চিন্তাস্বপ্নে বেশ ভাল আছি
অনুভূতি গুলো কালিঘাটের শ্মশানে
মৃত শরীর বলে পুড়িয়ে দিয়েছি
কাঠের ব্যবসাটাও জমে উঠেছে দেখছি!

নতুন একটা ব্যবসা শুরু করেছি
অর্থ ও পরিবহণ খরচ শূন্য
চাহিদা মোতাবেক পাওয়া যায়
যেখানে যখন খুশি
চোখের সামনে একটা বিলবোর্ড টাঙিয়েছি-
"এখানে কষ্ট নেওয়া হয়" স্পট লেখা!
আপনারা জেনে খুশি হবেন-
এ ব্যবসাও সফল!

সুখিরাত দুখিরাত

দুখি রাত
সুখি হয়
যৌনের নেশায়
নিকোটিন পুড়ে ছাই!

সুখি রাত
দুখি হয়
বিষণ্ণ দিনের পর
বিষণ্ণ রাত যখন বয়!

সুখিরাত, দুখিরাত
বল- কোথা যায়?
দুখিরাত, সুখিরাত
রাত গুনে, বল-
ক'দিন বাঁচা যায়?

Tuesday, October 6, 2015

ঘুমাতে নেই

রাতেরা ঘুমায় না
কিছু মানুষও-
এখানে ঘুম আসেনা
এখানে ঘুম লাগেনা
এখানে ঘুম নেই!
আজ ঘুম হলোনা
এই ভেবে-
কিছুরাত
কিছু মানুষের-
ঘুমাতে নেই!

Wednesday, September 16, 2015

মুক্ত বিষাদ

পাল্টানো মৌনজোয়ারে সময় ধুয়ে যায়
প্রেয়সী বর্ষার চোখে সুখ চলে যায়
বিরহ সন্ধ্যা নিয়ে আসে নির্মল বেদনা
সকালের আলসেমি ঘুমে
তন্দ্রাচ্ছন্ন স্বপ্নরা দেয় হানা।

আবর্তমান প্রত্যাশার মেঘনীল ঘিরে
স্মৃতিহীনা অবরোধ আরও পিষ্ট করে
মুখ চুবড়ে খোলা রোদে যায় যায় বেলা
নজরুলের কবিতা বিদ্রোহ ঘুচে
এখন মুক্ত বিষাদের দুরন্তপনা।

উল্টানো আকাশে কাঁচা মাটির গন্ধ
স্যাঁতসেঁতে স্মৃতিফলক একবার ছুঁয়ে দেখ
অনুভব কর নিঃশ্বাসে, আছো দুরে কতটা?
স্বর্গ নরকের অন্তিম এই লগ্নে- জানি খুঁজবে না
ছিটিয়ে ফেলা স্বপ্নের জ্যোতিকণা।

Saturday, September 12, 2015

বিষণ্ণ মুহূর্ত

ছেড়ে দিয়েছি
হাওয়ায় উড়ো
আকাশ থেকে মহাকাশে
নক্ষত্র থেকে আলোকবর্ষে।

উনুনের চৌকাঠে
রান্না কর
শীততাপ নিয়ন্ত্রিত কুয়াশায়
চশমার কাঁচ ভিজিয়ে নিও
আমাকে আর দেখতে হবে না।

তুমি স্বাধীন
অভিমানী সিমান্তে
যে কোন দ্বীপে
দ্বীপবাসী হতে পারো
অশ্লীল শ্লোগানে কেউ বাঁধা দিবেনা।

আদিম বর্ষণে
স্মৃতিরক্ত ধুয়ে ফেলো
এখনকার মত বদলে নিও
মৃত তরুণীর মত, নিজেকে!

রোমান্টিক কষ্ট
বিদায় হও
বিষণ্ণ মুহূর্ত
দুরে পালাও
তুমি আমার বলে কিছু নেই
আমি তোমার বলে আর কিছু নেই!

Friday, August 28, 2015

প্রাচীন জীবন

দশ হাজার বছর ধরে দু'হাজার স্বপ্ন দেখেছি
নির্বোধের অতলে অজানা বিজ্ঞান
ধোঁয়াটে নীল পুরস্কার!
রেলপথের ছোট ছোট পায়ে
ত্রিশ গজের হাসি
ভালবাসি
থেঁতলানো স্বপ্নের আকাশ
দু'শ বছরের পুরনো
আমার জীবন!


প্রাচীন কবিতার কবরে
ঝুলিয়ে গেছে কেউ আমার স্মৃতি
দেখেছিলাম সেদিন গ্রামীণ কফিন
কঁড়া নেশায় কেটেছিল সে ঘোর
স্বর্গের দু'হাজার মৃত স্বপন।

Monday, August 24, 2015

শেষ গল্পের শেষ

এখন আকাশে বৃষ্টি, দেখা যাচ্ছে না
রাতের বৃষ্টি দেখা যায় না
দেখতে গেলে ভিজতে হয়
সব সময় ভেজা যায় না।

এখন বৃষ্টিতে ভিজছে স্বপ্নেরা
কোলবালিশের ঘোলাটে তারারাও
দূর থেকে চেয়ে আছে
সু-দীর্ঘ দৃষ্টি নিয়ে দেখছে_
আমি কেমন আছি!

প্রথম তারাটা লাজুক শেষ তারাটা দেখে
তারও কি বয়স কম হয়েছে।

ভালকেই ভালবাসলে

তুমি কি জানো-
চুমু খেলে হজম করা লাগেনা
থেঁতলানো চিবুকের রসালো অনুভূতি
পরিমাপ করা যায় না।
জানো কি-
দেহের এপাশ ওপাশে উল্টিয়ে
ভালবাসা খোঁজা যায় না!
ক্যামেরা দিয়ে তোমায় দেখা যায়;
স্বপ্ন দেখা যায় না!

আগস্টের চাঁদ ভালবাসলে
কাঁচা ঠোঁট ভালবাসলে
ভালবাসলে পুষ্ট নগ্নতাকে
সময়ের কালক্ষেপণে
কেড়ে নেওয়াকে ভালবাসলে
শুধু ভালকেই ভালবাসলে
আমায় বাসলে না! 

Saturday, August 22, 2015

শেষের শেষ

অনেকদিন পর
রোদের তাপে বুক ছিড়েছে
বুকের কোণে মরুভূমি
স্বচ্ছজলে মুখ দুলেছে
দীর্ঘশ্বাসে মিলেছে
ঊনবিংশ শতাব্দীর শূন্যতা!

অনেকদিন পর
আবার এখানে যুদ্ধ ফিরেছে
যোদ্ধারা এখন বিশ্রামে,
অবসর যাপনে ব্যস্ত।
নিঃশব্দে যুদ্ধ বড় হয়েছে
আমি তাকিয়ে দেখেছি
দূর পাহাড়ের মত
খোলা মৃত চোখের মত
আমার বন্ধুরাও নিশ্চুপ!

অনেকদিন পর
আমি ক্লান্ত, ভিষনই ক্লান্ত
যুদ্ধহীন যুদ্ধে নিভুপ্রায় জীবন
রুক্ষ আশ্বাস খোঁজে, বোঝে-
বেঁচে থাকাটা শুধু বেঁচে থাকা নয়।

সব শেষ হবারও শেষ আছে
এ বিশ্বাসের নামই বেঁচে থাকা।

Saturday, August 1, 2015

অস্তিত্বের গান

একদিন জোনাকির আসরে
রোদ্রময় খামখেয়ালি ভালবাসা
আকাশে চোখ তুলে দেখবে
ধূসর স্মৃতি জেগে উঠে
হয়তোবা ফিরে পাবে-
আমাদের সংবিধান।
বিস্তৃত বেদনার শ্বাসমূল ঘিরে
অহেতুক বিচ্ছেদের মিশ্রণে
হাসাবে আমাদের!
গিটারের ফ্রেডের চিৎকারে
বেরিয়ে আসবে আমাদের বন্ধুত্ব-
ইতিহাসের মতো বাড়ে, কমে না।

একদিন সময়ের ডালে
বর্ণাট্য আসর জমবে
নিশিনাগিন শব্দ তুলে নাচবে
জোনাকির ছটা পড়বে-
আমাদের গায়ে।
স্বাপ্নিক নিশ্ছিদ্র বাসরের ঘ্রাণ
চিরচেনা আড্ডায় খুঁজে পাব
হাতের তালুই মিলবে হাসি
ভেষজ বাতাসে হব ক্লান্তহীন।

কুয়াশায় ভিজিয়ে দেবে ঝাল মুড়ি
শুক্রবারের সব পরিকল্পনা
জ্যোৎস্নার আলোই লুকোচুরি
বার্ধক্যের সব আঁধার
স্পর্শের দিনগুলি থাকবে
হয়তোবা অস্তিত্বে গাঁথা।

একদিন বদলে যাবে আকাশ
বদলে যাবে বয়স্ক সময়
থুর থুরে বুড়ো হবে
অনেক কথা সথা হবে
এক কাপ চায়ে, শীতে
হাস্যজ্জ্বল হবে সন্ধ্যা
নীলের কুঠুরিতে
জ্বলবে আগুন,
মোড়াবো চাদর গায়ে
কণ্ঠে থাকবে অঞ্জন'দার-
কুয়াশায় ঢাকা সেই পাইন গাছের ফাকে ফাকে রোদ্দুর......... আমার পাহাড়ী ছেলেবেলার একটা গান।

Tuesday, July 28, 2015

ভালবেসে মরে গেলাম

রাতের আঁধার টিপ টিপ করে জ্বলছে,
আমি নিদ্রাহীন, আলোহীন জোছনা;
কি যেন কি ছিল শেষ রাতে
তোর ভেজা চোখ, সুখকর দুঃখ গুলো
ভেতরটায় চিন চিনে আনন্দে
কি থেকে কি হয়ে গেল_
বৃদ্ধ স্মৃতি ফিরে এলো।

আমি করুণ,
এ বেলা, ও বেলা করেই যাচ্ছে।
আগের মত না,
অতীত বর্তমান হয় না।

চোখেরা যখন জানালার আকাশে ভোর খোঁজে
কিংবা বিকেলের গোধূলি
আমি তখনো শতাব্দীর পর শতাব্দী
তোর ফেরা খুঁজি।

হ্যাঁ, আমি জানি বাবা-মা'র ভালবাসায় সব
আমি যে ভালবেসে মরে গেলাম
এমন কে করেছে বল?

৭ই জানুয়ারি,  ২০১৫

Monday, July 27, 2015

অগ্নিশাপ

আমায় স্বপ্ন দিবি
তোকে টুকরো করে খাওয়াতাম
যেভাবে সেদিন আমার
সবটুকু অন্তর ছিড়ে দিলাম।
মনে আছে তোর?

বৃদ্ধের মত দীর্ঘ অপেক্ষা
কখন শেষ হবে জানিনা
শুধু স্বপ্ন গুলো এখন
অভিমানে কান্নার মতই অজানা।
দেখবি না তুই?

একবার দেখে যা
দেখে যা কত ক্ষত ভিতরে
নাঙকরানী,
সব তোর জন্য
জানিস না তুই?

থাক, আজ একাই বাঁচবো
একাই ক্ষত সারাবো
গোটা স্বপ্ন খাব
এটা খাব, ওটা খাব
পেলে তোকেও খাব!

শুধু, স্বপ্ন চাইব না আর
স্বপ্ন একদিন গল্প হয়ে যায়;
গল্প হয়ে যায় অভিজ্ঞতা।

Saturday, July 25, 2015

স্বপ্ননী

তোমাকে দেখেছি দুই নয়নে
স্বপ্নে দেখা দ্বি-প্রহরে
কাজল চোখে চন্দ্র হাসি মুখে
দাঁড়িয়ে ছিলে সাগর পাড়ে।

নীরব উত্তাপে সুখ উড়িয়ে
স্বর্গীয় বক্ষ ছায়াতলে
নরম ঠোঁটে চুমু তুলে
ডেকেছিলে অদৃশ্য মহলে।

ভালবেসে এঁকেছি তাই তোমাকে
পৃথিবী মহাকাশ
ভালবাসার আঁচে তাই গড়ে যায় 
পৃথিবী মহাকাল।

৯ই মে, ২০০৮

আশার কথা

জানি একদিন তুমি আসবে
থাকবে চিরকাল পাশে
ভুলগুলো সব ভুলে গিয়ে
অভিমানের জল তাড়াবে।

যদি নিয়ে আসো
জোছনায় ভিজিয়ে মন
ভালবেসে যাব, দেখ-
সারাটি জীবন।

১৪ই জুন, ২০১০

আলোর ডাক

রাতের পর দিন আসে
সকাল হয়েছে সবাই দেখে
এ কথাটি সবাই জানে
জানেনা তো শুধু অন্ধ।

সবাই থাকলে দুখির পাশে
হাসি ফুটবে সবার মুখে
খুশি আসবে সবার প্রাণে
না রাখলে চোখ বন্ধ।

প্রার্থনা করি স্রষ্টা তোমার তরে
বিবেক দিয়ো প্রভু সবার অন্তরে।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১০